রপ্তানি বহুমুখীকরণ, গ্রিন ফ্যাক্টরি ও গ্রিন ইন্ডাস্ট্রি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে মোট ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশীদার হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় রপ্তানি বহুমুখীকরণ খাতে ৩ হাজার কোটি টাকা, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে ১ হাজার কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে আরও ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের অতিরিক্ত পরিচালক মো. তহিদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের এআরএম ফাইন্যান্সিং ইউনিটের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের অফিসিয়াল ফোকাল পয়েন্ট মোহাম্মদ হাসিবুল হাকিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টেকসই শিল্পায়নে অর্থায়ন
পুনঃঅর্থায়ন স্কিমগুলোতে অংশগ্রহণের মাধ্যমে দেশে টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক অর্থনীতির বিকাশে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে মার্কেন্টাইল ব্যাংকের।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব খাতে অর্থায়ন বাড়লে পরিবেশবান্ধব শিল্প স্থাপন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়বে।
এর মাধ্যমে দেশের শিল্প ও উৎপাদন খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

নিজস্ব প্রতিবেদক 






















