টানা দুই দিন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় বাড়ল সোনার দাম। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (০4 নভেম্বর)ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ৩২৪ টাকা। এর আগে গত সোমবার ভরিতে দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। সব মিলিয়ে চলতি মাসে তিন দফায় সোনার দাম বেড়েছে ১২ হাজার ৭২ টাকা।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
বিশ্ববাজারেও সোনার দাম বেড়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম আবার ৪ হাজার ডলারের সীমা ছাড়িয়েছে। গতকাল দাম বেড়েছে আউন্সপ্রতি ২০০ ডলারের বেশি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, নির্বাচনের ফলাফলের পর মার্কিন ডলারের দরপতনে গতকাল স্পট মার্কেটে সোনার দাম প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৮ ডলারে ওঠে। একই সময়ে মার্কিন সরকারি বন্ডের মুনাফার হার কমে যাওয়ার কারণেও সোনার দাম বেড়েছে।
তবে গত এক মাসে প্রতি আউন্স সোনার দাম ১৮৪ ডলার এবং ছয় মাসে ৭৫৩ ডলার কমেছে।

নিজস্ব প্রতিবেদক 



















