নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের জামানতবিহীন অর্থায়ন সুবিধা পেতে আবেদন করেছেন আট জেলার ১৮ হাজার ৪৪৪ জন তরুণ। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত ৫০০ কোটি টাকার তহবিলে আবেদন করে তাঁরা এ আগ্রহ দেখিয়েছেন। পরীক্ষামূলকভাবে আট জেলায় আবেদন গ্রহণের পর এবার সারা দেশের তরুণদের জন্য এ সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বা ‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আট জেলায় আবেদন গ্রহণ করা হয়। দেশের আট বিভাগের একটি করে জেলাকে পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বেছে নেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোনা থেকে। জেলাটি থেকে ৫ হাজার ৩৫১ জন তরুণ অর্থায়নের জন্য আবেদন করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রংপুর থেকে আবেদন করেছেন ২ হাজার ৭৪৫ জন। এ ছাড়া নওগাঁ থেকে ২ হাজার ৪৫৬, ঝিনাইদহ থেকে ২ হাজার ১৯১, হবিগঞ্জ থেকে ১ হাজার ৫৫২, ভোলা থেকে ১ হাজার ৫৪৫, মানিকগঞ্জ থেকে ১ হাজার ৩৪৩ এবং ফেনী থেকে ১ হাজার ২৬১ জন আবেদন করেছেন।
সারা দেশে আবেদনের সুযোগ
আট জেলায় পরীক্ষামূলক কার্যক্রমে সাড়া পাওয়ার পর দেশের অন্যান্য জেলার তরুণদেরও এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী, আট জেলার বাইরে অন্য জেলার আগ্রহী তরুণেরা আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ৫০৩টি উপজেলার ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির আওতায় অর্থায়ন করা হবে। এ জন্য আগ্রহী প্রার্থীরা নিজ নিজ উপজেলার যেকোনো ব্যাংক শাখায় আবেদন জমা দিতে পারবেন।
তহবিলে ৫০০ কোটি টাকা
তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে গঠিত ৫০০ কোটি টাকার তহবিলে বাংলাদেশ ব্যাংক দেবে ২৫০ কোটি টাকা। বাকি ২৫০ কোটি টাকা দেবে অংশগ্রহণকারী বাণিজ্যিক ব্যাংকগুলো। এ তহবিল থেকে প্রত্যেক নির্বাচিত উদ্যোক্তাকে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। অর্থের একটি অংশ অনুদান হিসেবে এবং বাকি অংশ ৪ থেকে ৭ শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে নতুন উদ্যোগ গড়ে তুলতে এ অর্থায়ন কাজে লাগবে। পাশাপাশি ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক ও হেলথটেকসহ প্রযুক্তিনির্ভর স্টার্টআপ এবং আয় করা সম্ভব—এমন বৈধ উদ্যোগেও অর্থায়নের সুযোগ থাকবে।
আবেদনে যেসব শর্ত
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত অনুযায়ী, আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া তরুণেরা এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন না। ঋণখেলাপি ব্যক্তি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরাও এ তহবিলের আওতাভুক্ত হবেন না।
তরুণদের নতুন ব্যবসা গড়ে তোলা, উদ্ভাবনী উদ্যোগে বিনিয়োগ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করাই এ কর্মসূচির লক্ষ্য। জামানতবিহীন অর্থায়নের পাশাপাশি স্বল্প সুদের ঋণ ও অনুদানের সুযোগ কাজে লাগিয়ে সম্ভাবনাময় তরুণেরা নিজেদের উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 





















