ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকাকে হকার, ভাসমান ভ্যান, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের প্রকোপ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সি-ডি এভিনিউ, বনশ্রীতে এ কর্মসূচির আয়োজন করে বনশ্রী সোসাইটি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বনশ্রী এলাকার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে অনিয়ন্ত্রিত হকার, ভাসমান ভ্যান এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। তারা এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, বনশ্রী একটি আবাসিক এলাকা। বাসিন্দাদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ দখল, মাদক বিক্রি ও মাদকসেবীদের বিচরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি জোরদার করা প্রয়োজন।
মানববন্ধনে বনশ্রী সোসাইটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচি থেকে বনশ্রীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক 

























