ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত একদিনে সৌদি আরব ২৬টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব হামলা চালানো হয়েছে বলে হুথি নেতাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হুথিদের দাবি, ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এর আগে শুক্রবার হুথিরা জানিয়েছিল, গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি হামলার সংখ্যা ৩০০-তে পৌঁছেছে।
এদিকে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে, শুক্রবার তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলায় সংঘর্ষে তাদের বাহিনীর হাতে ৩০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনের বেশি আহত হয়েছেন বলেও দাবি করেছে সরকার। চলতি সপ্তাহে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আল-ওয়াজিয়াহ অন্যতম।
সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই বিস্তৃত হওয়ার পাশাপাশি রাজধানী সানাতেও শুক্রবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ইরান-সমর্থিত হুথিদের প্রতি সমর্থন জানান এবং সৌদি আরবের বিরোধিতা করেন।

নিজস্ব প্রতিবেদক 






















