জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় ঐক্যের এই আন্দোলন একক কোনো জোটের নয়, বরং এটি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লংমার্চ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লংমার্চ শান্তিপূর্ণভাবে পালন করা হবে, তবে এতে সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের ঘোষিত ছয় দফা কর্মসূচি এক দফার আন্দোলনে রূপ নেবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে সভাপতি/প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের অভিমুখে লংমার্চের এই যাত্রা মূলত নতুন করে যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই পথ রুদ্ধ করার জন্য।
লংমার্চের মূল উদ্দেশ্য ও লক্ষ্যের কথা তুলে ধরে তিনি আরো বলেন, এই কর্মসূচি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। একই সঙ্গে যাঁরা তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে এবং দেশের ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাঁদের বিরুদ্ধে এই প্রতিরোধ।
বক্তব্যের শেষে এনসিপির আহ্বায়ক দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে ব্যক্ত করেন যে, যত বাধাবিপত্তিই আসুক না কেন, তাঁদের এই লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই ইনশাআল্লাহ।

নিজস্ব প্রতিবেদক 
























