জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচ বাজারজাতকরণের প্রক্রিয়া বন্ধ করে পণ্যটি দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।
সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্প্রতি নিকোটিন পাউচের জাতীয় মান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গঠিত টোব্যাকো অ্যান্ড টোব্যাকো প্রোডাক্ট টেকনিক্যাল কমিটিতে সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংগঠনগুলোর কোনো প্রতিনিধিত্ব নেই। তবে তামাক কোম্পানির প্রতিনিধিত্ব রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর আর্টিকেল ৫.৩-এর পরিপন্থী বলে দাবি করেছে সংগঠন দুটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিকোটিন পাউচে তামাকপাতা না থাকলেও এতে উচ্চমাত্রার নিকোটিন থাকে, যা তীব্র আসক্তি সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এ ধরনের পণ্য শিশু-কিশোরদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে এবং হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বর্তমানে বিশ্বজুড়ে কিশোর ও তরুণদের মধ্যে নিকোটিন পাউচের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে বলেও উল্লেখ করা হয়।
সংগঠন দুটি জানায়, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সিঙ্গাপুর, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, রাশিয়াসহ অন্তত ১৬টি দেশ ইতোমধ্যে নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি নিষিদ্ধের প্রস্তাব করা হলেও সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে তা বিবেচনা করা হয়নি। এখন পণ্যটি বাজারজাতকরণের প্রক্রিয়া চলছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিকোটিন পাউচ নিষিদ্ধ করতে হবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকার ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। সেই প্রেক্ষাপটে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিকোটিন পাউচের জাতীয় মান প্রণয়নের উদ্যোগ সরকারের ঘোষিত জনস্বাস্থ্য নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে প্রজ্ঞা ও আত্মা।
সংগঠন দুটি সরকারের প্রতি নিকোটিন পাউচের মান প্রণয়নের উদ্যোগ বাতিল করে পণ্যটির উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

























