জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তাকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত জুনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে সময় তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও উল্লেখ করেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর টানা তিন মাস তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। পরে ২০২৪ সালের নভেম্বরে দেশ ছেড়ে ভারতে চলে যান।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরি হলে তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা কিংবা অনুশোচনার বিষয়টি সামনে আসবে।
উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন ওবায়দুল কাদের। তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

নিজস্ব প্রতিবেদক 
























