নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ খ্রিষ্টাব্দের বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি থাকবে। গত বছর যেখানে ছুটি ছিল ৭৬ দিন, সেখানে এবার ছুটি কমেছে ১২ দিন। তবে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্র ও শনিবার আগের মতোই বহাল থাকবে।
রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ ছুটির তালিকা প্রকাশ করে।
প্রকাশিত তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী ও মহালয়া উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ছুটি রাখা হয়নি।
এছাড়া পবিত্র রমজান মাসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের ফলে বাৎসরিক ছুটি কমে ৬৪ দিনে দাঁড়িয়েছে।
২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল-ফিতর ও স্বাধীনতা ও জাতীয় দিবস। এসব উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক 

























