করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।
রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ সিদ্ধান্তের তথ্য জানা গেছে।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, সামনে নির্বাচন থাকায় করদাতাদের বাড়তি সুবিধা দিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি, প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের প্রস্তুতির জন্যও অতিরিক্ত সময় প্রয়োজন—এই বিবেচনায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে রিটার্ন জমার সময় বাড়ানো হবে কি না—এ বিষয়ে প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যেহেতু প্রথমবার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তাই সরকার চাইলে সময় বাড়াতে পারে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে এনবিআর সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে।
বর্তমানে কোনো নথি বা দলিলাদি আপলোড ছাড়াই অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। পাশাপাশি ব্যাংকিং সেবার যেকোনো মাধ্যম বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আয়কর পরিশোধ করলে সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের স্বীকারপত্র পাচ্ছেন করদাতারা।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তার জন্য এনবিআর একটি কল সেন্টার চালু করেছে। করদাতারা ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে ই-রিটার্ন বিষয়ে তাৎক্ষণিক টেলিফোনিক সহায়তা পাচ্ছেন। এছাড়া সারাদেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্পডেস্ক থেকেও প্রয়োজনীয় সহায়তা মিলছে।

নিজস্ব প্রতিবেদক 
























