বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে স্বস্তির খবর। ডিসেম্বর মাসের বেতন-বিল সাবমিট করার অপশন চালু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ (এমপিও) মো. জহির উদ্দিন। তিনি জানান, স্কুল ও কলেজের ডিসেম্বর-২০২৫ মাসের এমপিও ইএফটি বিল অনলাইনে সাবমিট করার সুবিধা চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিল দাখিল করতে হবে।
মাউশি সূত্রে জানা গেছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান অনলাইনে বেতনের প্রস্তাব পাঠান। পরে তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। এর ফলে বেতন প্রদান প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

























