বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব এ তথ্য জানান। এর আগে দুপুরে তিনি জানান, বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করা হবে।
📌 একই দিনে নির্বাচন ও গণভোট
এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। দুটি নির্বাচনের তফসিলও একইসঙ্গে ঘোষণা করা হবে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে—সেখানে নির্বাচন ও গণভোট প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি ইসিকে সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সচিব আখতার আহমেদ।
📌 বিটিভি-বেতারে ভাষণ রেকর্ড
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ডিং শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে এটি রেকর্ড করা হয়। এ বিষয়ে জাতীয় সম্প্রচারমাধ্যমগুলোকে আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল।
📌 ভোটের প্রস্তুতি—ব্যালট, দল নিবন্ধন, সময় বাড়ানো
ইসি সচিব জানান, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নির্বাচন প্রস্তুতি, রাজনৈতিক দল নিবন্ধন, গণভোটের ব্যালট রঙসহ বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। ভোটের সময় বাড়ানোর প্রস্তাবও রাষ্ট্রপতি সন্তোষের সঙ্গে গ্রহণ করেছেন।
📌 ৮–১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন
সূত্র জানিয়েছে, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি—এই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।
সম্ভাব্য তারিখের এক-দুই দিন আগে বা পরে আয়োজন হলেও হতে পারে। একই দিনে নির্বাচন ও গণভোট হওয়ায় পোলিং বুথ সংখ্যা ও ভোটের সময় বাড়তে পারে—ইসি সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
📌 ১২ কোটির বেশি ভোটার
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
-
পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন
-
মহিলা: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন
-
তৃতীয় লিঙ্গ: ১,২৩৪ জন
৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

























