বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সোমবার (৩ নভেম্বর) সকালে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে, নির্বাচনের রাতেই এনএসসি তার পদ বাতিল করে দেয়।
এরপর থেকেই আলোচনা শুরু হয়—বোর্ডে একজন নারী ক্রীড়া সংগঠককে যুক্ত করা হতে পারে। সেই ধারাবাহিকতায় রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি।
করপোরেট দুনিয়ার সুপরিচিত মুখ রুবাবা দৌলা খেলাধুলার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ছিলেন স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য।
২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ওরাকল থেকে ছাড়পত্র পাওয়ার পরই এনএসসি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন প্রকাশ করে।
আজ বিকেল ৩টায় মিরপুরে বিসিবির দ্বিতীয় পরিচালনা পর্ষদের সভা রয়েছে, যেখানে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 
























