পশুখাদ্য শিল্পের বাড়তি চাহিদা মেটাতে বাংলাদেশে ভুট্টা আমদানি বাড়ছে। আর সেই বাজারে প্রায় আট বছর পর আবারও প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র। ২০২৫-২৬ বিপণন বর্ষে বাংলাদেশে আমদানি হওয়া মোট ভুট্টার প্রায় ৬ শতাংশ এসেছে দেশটি থেকে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) চলতি মাসে প্রকাশিত ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ বিপণন বর্ষে বাংলাদেশ ১৭ লাখ ৪০ হাজার টনের বেশি ভুট্টা আমদানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে প্রায় ১ লাখ ১১ হাজার টন। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম দফার মার্কিন ভুট্টা চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
তবে বাংলাদেশের ভুট্টার বাজারে এখনো সবচেয়ে বড় সরবরাহকারী ব্রাজিল। মোট আমদানির প্রায় ৬৮ শতাংশ এসেছে দক্ষিণ আমেরিকার দেশটি থেকে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের হিস্যা ২৪ শতাংশ।
এর আগে বাংলাদেশের ভুট্টা আমদানিতে ব্রাজিলের ওপর নির্ভরতা ছিল আরও বেশি। ইউএসডিএর আগের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগের বিপণন বর্ষে দেশের মোট ভুট্টা আমদানির প্রায় ৯৩ শতাংশই এসেছিল ব্রাজিল থেকে। একই সময়ে আর্জেন্টিনা থেকে ৪ শতাংশ এবং পাকিস্তান থেকে ২ শতাংশ ভুট্টা আমদানি করা হয়েছিল।
বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের ভুট্টার পুনঃপ্রবেশকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। বাণিজ্য ভারসাম্য উন্নত করার প্রচেষ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঐতিহাসিকভাবে ভারতও বাংলাদেশের ভুট্টার অন্যতম প্রধান সরবরাহকারী ছিল। তুলনামূলক কম দাম, সহজ পরিবহনব্যবস্থা এবং কম সময়ে পণ্য পৌঁছানোর সুবিধার কারণে ভারতীয় ভুট্টার চাহিদা ছিল বেশি। তবে দেশটি বায়োফুয়েল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়ার পর ২০২৪ সাল থেকে ভুট্টা রপ্তানি কমিয়ে দেয়। ফলে বাংলাদেশের বাজারে ব্রাজিলের সরবরাহ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এদিকে দেশের পশুখাদ্য শিল্পে ভুট্টার চাহিদা অব্যাহত থাকায় আমদানিও বাড়ার পূর্বাভাস রয়েছে। ইউএসডিএর সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বিপণন বর্ষে বাংলাদেশের বেসরকারি খাত প্রায় ১৮ লাখ টন ভুট্টা আমদানি করতে পারে। এই পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি।
ফলে বাংলাদেশের ভুট্টার বাজারে সরবরাহকারী দেশের বৈচিত্র্য বাড়ছে। ব্রাজিল ও ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফিরে আসা আন্তর্জাতিক বাজার থেকে ভুট্টা সংগ্রহে বাংলাদেশের বেসরকারি খাতের নতুন একটি বাণিজ্যিক পথও তৈরি করছে।

নিজস্ব প্রতিবেদক 




















