সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য শুধু পরিবেশগত বিপর্যয় নয়, বরং বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি ন্যায়সংগত জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ ‘হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্য এক্সিসটেনশিয়াল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজ’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত বৈঠকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সামনে তৈরি হওয়া বহুমাত্রিক সংকট নিয়ে আলোচনা হয়।
বক্তব্যে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ এখন জরুরি। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায়সংগত অর্থায়ন নিশ্চিত করা এবং তাদের অভিযোজন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চল ও দ্বীপরাষ্ট্রগুলোর অস্তিত্বের ওপর যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে থাকা দেশগুলোর পাশে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকরভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে আয়োজিত এ উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক 























