জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সৌরবিদ্যুৎ খাতে বড় পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। নিজস্ব অর্থায়নে ২০৩০ সালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মোট ৬৮৯ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এরই মধ্যে কয়েকটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, প্রকল্প প্রস্তাব প্রণয়ন ও জমি নির্বাচনের কাজ এগিয়ে নেওয়া হয়েছে।
পিডিবির এক কর্মকর্তা জানান, গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি), সম্ভাব্যতা সমীক্ষা এবং বিস্তারিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমিও নির্বাচন করা হয়েছে।
এর অংশ হিসেবে রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
অন্যদিকে ফেনীর সোনাগাজীতে ২২২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা করেছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।
বড় প্রকল্পের পাশাপাশি পিডিবির নিজস্ব ভবন ও জমিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনও চলছে। পিডিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে চলতি বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিজস্ব অর্থায়নে ৬৮৮ কিলোওয়াট-পিক ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে আরও ৪ হাজার ১৯৫ কিলোওয়াট-পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে কাপ্তাইয়ের ইঞ্জিনিয়ারিং একাডেমিতে ১৭০ কিলোওয়াট-পিকের সৌরবিদ্যুৎ ব্যবস্থা উৎপাদনে রয়েছে। চট্টগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রে ১৩০ কিলোওয়াট-পিক এবং রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রে ১২০ কিলোওয়াট-পিকের ব্যবস্থা চালু হয়েছে। ১২ সেপ্টেম্বর খুলনা পাওয়ার প্ল্যান্টেও ২৬৮ কিলোওয়াট-পিকের একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে।
এ ছাড়া সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, কাটাখালী, বাঘাবাড়ী, ভোলা, কক্সবাজার, কাপ্তাই, ঘোড়াশাল, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, দোহাজারী-কালীআইশ, শিকলবাহা ও হাটহাজারীসহ বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, পিডিবির মালিকানাধীন অব্যবহৃত ছাদ ও জমিতে নিজস্ব অর্থায়নে এসব সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে। এসব উদ্যোগ দেশের জলবায়ু সংক্রান্ত অঙ্গীকার পূরণে সহায়তা করবে। পাশাপাশি পরিবেশের ওপর চাপ কমানোর পাশাপাশি ব্যক্তিপর্যায়ে বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনে মানুষকে উৎসাহিত করবে।

নিজস্ব প্রতিবেদক 




















