দীর্ঘ অপেক্ষার পর আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। তবে টাকা হাতে পাওয়ার এই স্বস্তির মধ্যেই এফডিআরধারীদের জন্য এসেছে বড় শর্ত। মেয়াদপূর্তির আগে পুরো এফডিআর ভেঙে টাকা তুলে নিলে গ্রাহককে শুধু মূল টাকা দেওয়া হবে, কোনো মুনাফা দেওয়া হবে না। ফলে দীর্ঘদিন আমানত রাখার পরও মেয়াদের আগেই টাকা তুললে প্রত্যাশিত মুনাফা থেকে বঞ্চিত হতে হবে।
এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। দীর্ঘদিনের তারল্যসংকটের কারণে এসব ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। সেই পরিস্থিতিতে গত ১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরতের আবেদন নেওয়া শুরু হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, ছয় দিনে প্রায় ৭৫ হাজার গ্রাহক আমানত ফেরতের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে চাহিদা দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ৫ হাজার কোটি টাকা সরবরাহ করেছে।
গত সোমবার থেকে চলতি ও স্থায়ী আমানতের টাকা ফেরত দেওয়া শুরু হয়। প্রথম দিন গ্রাহকদের চাহিদা ছিল ১ হাজার ৩২৯ কোটি টাকা। দিন শেষে প্রায় ৩০০ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা।
তবে এফডিআর ভাঙার ক্ষেত্রে শর্ত থাকায় অনেক গ্রাহক অসন্তোষ প্রকাশ করেছেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার গ্রাহক অবসরপ্রাপ্ত মাহবুব রাব্বানীর ৫২ লাখ টাকার ১২টি এফডিআর রয়েছে। এর মধ্যে ছয়টি এফডিআরের ২৩ লাখ টাকা তুলতে আবেদন করেছিলেন তিনি। মুনাফাসহ ২৮ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও ব্যাংক থেকে ২২ লাখ টাকা অনুমোদনের কথা জানানো হয়েছে বলে তিনি জানান।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, মেয়াদপূর্তির আগে এফডিআর ভেঙে পুরো টাকা তুলে নিলে মুনাফা ছাড়াই মূল টাকা দেওয়া হবে। তবে কেউ যদি পুরো এফডিআর না ভেঙে আংশিক টাকা তোলেন, তাহলে অবশিষ্ট অর্থ মুনাফাসহ নতুন করে এফডিআর করা যাবে। সে ক্ষেত্রে পুরো মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।
এক্সিট পলিসি অনুযায়ী, সঞ্চয়ী হিসাবের লেনদেন স্বাভাবিক করার পাশাপাশি প্রয়োজন হলে মেয়াদি আমানত বন্ধ করে মূল টাকা তুলে নেওয়ার সুযোগ রয়েছে। তবে পুরো এফডিআর ভাঙলে মুনাফা মিলবে না। আবগারি শুল্ক হিসেবে সরকারকে দেওয়া অর্থ ব্যাংক বহন করবে।

নিজস্ব প্রতিবেদক 




















