ব্যাংকিং ও অর্থ বিষয়ক প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর পরিচালনা পর্ষদের ১২তম সভা সম্প্রতি (১০ সেপ্টেম্বর ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
সভায় উপস্থিত পর্ষদ সদস্যরা ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দেন। গত ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের যে আমানত ফেরত দেওয়ার কার্যক্রম চালু রয়েছে, সেই ধারাবাহিকতা কীভাবে অক্ষুণ্ণ রাখা যায় তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া ব্যাংকের সামগ্রিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং বিনিয়োগ পুনরুদ্ধার (Investment Recovery) জোরদার করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে সভায় উপস্থাপিত একাধিক নতুন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
উক্ত পরিচালনা পর্ষদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য লে. কর্নেল (অব.) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ।
এছাড়াও ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম সভায় অংশ নেন।

ডেস্ক 






















