শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আবির হোসেন নিজ বাড়িতে ছুটিতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ছাপড়া মসজিদ এলাকায় নিজ বাসভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পুলিশ পরিদর্শক আবির হোসেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুই দিনের ছুটি নিয়ে ফরিদপুরের নিজ বাড়িতে যান পরিদর্শক আবির হোসেন। রোববার তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। শনিবার দুপুরে নিজ বাড়িতে চলমান বিদ্যুতের কাজ দেখতে ছাদে যান তিনি।
নিহতের বোন জানান, ছাদ পরিদর্শনের সময় এক বিদ্যুৎ মিস্ত্রিকে আকস্মিকভাবে বিদ্যুতায়িত হতে দেখে পরিদর্শক আবির হোসেন মানসিকভাবে আঘাত পান এবং সাথে সাথেই স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, পরিদর্শক আবির হোসেন ছুটিতে গিয়ে ফরিদপুরের বাড়িতে অবস্থান করছিলেন। রোববার তার কর্মস্থলে ফেরার কথা থাকলেও তার আকস্মিক মৃত্যুর খবর আসে। তিনি আরও জানান, কর্মকর্তা আবির হোসেন পূর্ব থেকেই স্ট্রোকের রোগী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে নড়িয়া সার্কেল অফিস গভীরভাবে শোকাহত এবং পুলিশ প্রশাসন নিহতের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 






















