ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ শাসকদল তৃণমূল কংগ্রেসের এক যুব নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিহার থেকে এসব অস্ত্র সংগ্রহ করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে রাজ্য পুলিশ।
শনিবার(২২ আগস্ট) এক সাংবাদিক সম্মেলনে মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার শচীন মক্কার জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিহার থেকে অবৈধ অস্ত্র এনে বাংলাদেশে পাচারের একটি সক্রিয় চক্রের সন্ধান মিলেছে।
বহরমপুরে প্রথম অভিযান: নির্বাচন-পরবর্তী সহিংসতার একাধিক মামলায় পলাতক থাকা বহরমপুরের তৃণমূল যুব নেতা পাপাই ঘোষকে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বহরমপুরের বাড়িতে অভিযান চালিয়ে ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন এবং ১৭০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এখান থেকে আরও ৩ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
জলঙ্গিতে দ্বিতীয় অভিযান: আটকদের দেওয়া তথ্যে শক্তিপুর থানা পুলিশ মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায়। সেখানে আরও ৫টি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানানো হয়, এই সীমান্ত অঞ্চলকে ব্যবহার করে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা এবারই প্রথম নয়। কেবল চলতি আগস্ট মাসেই সীমান্তসংলগ্ন জেলাগুলো থেকে বেশ কয়েকটি অস্ত্রের চালান জব্দ করা হয়েছে:
১২ আগস্ট (জিয়াগঞ্জ): ৭টি ৭ এমএম (7mm) পিস্তল, ১০টি খালি ম্যাগজিন ও ৩৫টি তাজা কার্তুজ উদ্ধার।
১৩ আগস্ট (পেট্রাপোল-বেনাপোল সীমান্ত): ১টি ৯ এমএম (9mm) পিস্তল এবং ২টি ম্যাগাজিন উদ্ধার।
বর্তমানে গ্রেপ্তার ৪ জনকে পুলিশ হেফাজতে রেখে এই পাচার চক্রের আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 






















