জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও নগর পরিবহন—উভয় ক্ষেত্রেই বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়বে। এর ফলে নতুন করে ভাড়ার হার নির্ধারণ করা হবে।
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা ছিল।
অন্যদিকে, দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে আসনপ্রতি তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়।
এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হয়।

নিজস্ব প্রতিবেদক 






















