বাংলাদেশের ডিপ-টেক ও প্রযুক্তিনির্ভর স্টার্ট-আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা, একাডেমিয়া ও শিল্পখাতের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘Start-up Engineering: Deep Tech Capital Dialogue & Founder–Finance Exchange’।
SustainLaunch Labs ও WSDA New Zealand-এর যৌথ উদ্যোগে এবং American International University-Bangladesh (AIUB)-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রচলিত সেমিনার বা স্টার্ট-আপ প্রতিযোগিতার পরিবর্তে আয়োজনটি ছিল উদ্যোক্তা ও অর্থায়ন খাতের মধ্যে সরাসরি সংযোগ তৈরির একটি সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম। এতে স্টার্ট-আপ অর্থায়ন, বিনিয়োগের প্রস্তুতি, ব্যবসায়িক ঝুঁকি, সুশাসন, নিয়ন্ত্রক প্রত্যাশা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নজরুল ইসলাম। উদ্বোধনী উপস্থাপনায় তিনি বাংলাদেশের স্টার্ট-আপ ও উদ্ভাবন ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AIUB-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রহমান। তিনি আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন।
আয়োজক অংশীদারদের পক্ষ থেকে SustainLaunch Labs-এর সিইও ও প্রোগ্রাম লিড এস এম ফাহিম শাহরিয়ার স্টার্ট-আপ খাতে অর্থায়নের ঘাটতি নিয়ে বক্তব্য দেন। অন্যদিকে WSDA New Zealand-এর বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট আহমেদ বারী উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে নির্বাচিত কয়েকটি স্টার্ট-আপের প্রতিষ্ঠাতা ‘Elevated Pitch’-এর মাধ্যমে নিজেদের ব্যবসায়িক ধারণা ও উদ্যোগ উপস্থাপন করেন। এর মাধ্যমে তারা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম অংশীজনের সামনে নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ পান।
ডিপ-টেক অর্থায়নে নতুন কাঠামোর প্রয়োজন
আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘Deep Tech Capital Dialogue’। সেশনটি সঞ্চালনা করেন এস এম ফাহিম শাহরিয়ার। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নজরুল ইসলাম, WSDA New Zealand-এর বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট আহমেদ ডব্লিউ বারী, AIUB-এর Faculty of Engineering-এর পরিচালক অধ্যাপক ড. মো. সানিয়াত রহমান জিশান, Hawar IT-এর শাহ আলম এবং Prime Bank PLC-এর Executive Vice President ও Head of SME Banking মো. মহসিনুর রহমান।
আলোচনায় নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকিং খাত, একাডেমিয়া, শিল্পখাত ও উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গি উঠে আসে। বিশেষ করে ডিপ-টেক স্টার্ট-আপগুলোর অর্থায়নের ক্ষেত্রে প্রচলিত জামানতনির্ভর পদ্ধতির পাশাপাশি প্রযুক্তি, মেধাস্বত্ব, প্রোটোটাইপ, দক্ষ মানবসম্পদ এবং বাজার সম্ভাবনাকে বিবেচনায় রেখে নতুন অর্থায়ন কাঠামোর প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়। বক্তারা বলেন, একটি কার্যকর স্টার্ট-আপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, বিশ্ববিদ্যালয়, করপোরেট প্রতিষ্ঠান ও স্টার্ট-আপগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন। আয়োজকরা জানান, SustainLaunch Labs, WSDA New Zealand ও AIUB-এর এই উদ্যোগের লক্ষ্য হলো উদ্যোক্তা ও অর্থায়ন খাতের মধ্যে সেতুবন্ধন আরও শক্তিশালী করা। পাশাপাশি বিনিয়োগ প্রস্তুতি, আর্থিক জ্ঞান, ব্যাংক-স্টার্ট-আপ সম্পৃক্ততা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবন এবং নিয়ন্ত্রক সহায়তা নিয়ে ধারাবাহিক সংলাপ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সম্মাননা প্রদান, গ্রুপ ফটোগ্রাফ ও নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজকদের মতে, উদ্ভাবন, অর্থায়ন ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে বাংলাদেশে আরও শক্তিশালী ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক স্টার্ট-আপ গড়ে তোলা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক 
























