প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবারও ছেলেদের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মাধ্যমিক পর্যায়ে মেয়েদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রয়েছে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সামগ্রিক ফল ও বোর্ডে পাসের হার
এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। তবে সামগ্রিক পাসের হার কিছুটা কমলেও মেয়েদের জয়ের জয়জয়কার ছিল চোখে পড়ার মতো।
-
ছাত্রীদের পাসের হার: ৬৬.৬৮ শতাংশ।
-
ছাত্রদের পাসের হার: ৫৭.৮৬ শতাংশ।
-
পাসের ব্যবধান: ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৮.৮২ শতাংশ বেশি পাস করেছে।
পাসের সংখ্যা ও জিপিএ-৫ প্রাপ্তি
-
মোট উত্তীর্ণ শিক্ষার্থী: ১১টি বোর্ডে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন।
-
জিপিএ-৫ এর চিত্র: এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
-
ছাত্রী: ৬৩ হাজার ৮৯৬ জন
-
ছাত্র: ৫২ হাজার ৭৮০ জন
-
জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী এই সাফল্য অর্জন করেছে।
-
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু পাসের হার বা জিপিএ-৫ নয়, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাতেও মেয়েরা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

নিজস্ব প্রতিবেদক 

























