আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে চলমান রাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে যন্তর মন্তর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার রাতে একদল আন্দোলনকারী যন্তর মন্তর থেকে পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড ও মানবশৃঙ্খল তৈরি করে তাদের আটকে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। দিল্লি পুলিশের দাবি, এ ঘটনায় দুইজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি)সহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত এক পুলিশ কর্মকর্তা জানান, আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে থামানোর চেষ্টা করা হচ্ছিল। তবে একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের দিকে পানির বোতল, ইট ও পাথর নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।
পুলিশের প্রকাশিত ভিডিওতে কিছু বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়তে এবং উত্তেজনাপূর্ণ স্লোগান দিতে দেখা গেছে। একই সঙ্গে কয়েকজন আন্দোলনকারীকে পরিস্থিতি শান্ত করার চেষ্টাও করতে দেখা যায়।
অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর কঠোর অভিযান চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
এদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সংযম দেখানো হয়েছে। তাদের দাবি, চলমান সহিংসতায় ইতোমধ্যে ১০০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর ও পার্লামেন্ট স্ট্রিট এলাকায় অতিরিক্ত পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবাও স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সংসদ ভবনমুখী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশি অভিযানের পর থেকেই দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।
সূত্র: ভারতীয় গণমাধ্যম।

নিজস্ব প্রতিবেদক 






















