রাজধানীর বারিধারায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চায়না সিটি ঢাকা ফার্নিচার মার্কেট’। সোমবার (৫ অক্টোবর) বিকেলে প্রগতি সরণিতে অবস্থিত মার্কেট প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ।
অনুষ্ঠানে বাংলাদেশ ফার্নিচার শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চীন ও বাংলাদেশের ব্যবসায়ীরা যৌথভাবে কাজ করলে দেশের ফার্নিচার শিল্প দ্রুত আধুনিকায়নের দিকে এগিয়ে যাবে। ক্রেতাদের চাহিদা ও রুচির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক, নান্দনিক ও মানসম্মত ফার্নিচারের চাহিদা বাড়ছে। নতুন এই মার্কেট সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, মার্কেটটিতে আধুনিক ডিজাইন ও বৈচিত্র্যময় ফার্নিচার পণ্যের সমাহার থাকবে। ক্রেতাদের সুবিধা, পণ্যের মান ও নান্দনিকতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের আশা, নতুন এই মার্কেটের মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ধরনের আধুনিক ফার্নিচার বেছে নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়ার মাধ্যমে দেশের ফার্নিচার শিল্পেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

নিজস্ব প্রতিবেদক 



















