প্রতিপক্ষ শক্তিশালী—এ বাস্তবতা ভালোভাবেই জানেন হামজা চৌধুরী। তবে র্যাঙ্কিং কিংবা দলের শক্তিমত্তা দেখে ভয় পেতে রাজি নন বাংলাদেশের ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডার। বরং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে এশিয়ান গেমসে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করতে চায় বাংলাদেশ।
ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে থাকা হামজা টুর্নামেন্টে খেলার সুযোগকে দেখছেন বড় অর্জন হিসেবে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে মাঠে নেমে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি অভিজ্ঞতা অর্জনকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।
হামজা বলেন, আমরা এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত। এটি আমাদের জন্য বড় একটি সুযোগ। এমন কিছু দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি, যারা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে। আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি, আমরা কী করতে সক্ষম
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলোকে শেখার সুযোগ হিসেবেও দেখছেন হামজা। তাঁর মতে, এমন প্রতিযোগিতা থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশ দলকে আরও এগিয়ে নিতে পারে।
ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর দলের অভিজ্ঞতাও বেশ ইতিবাচক বলে জানিয়েছেন হামজা। স্থানীয় মানুষের আতিথেয়তা, ফুটবলের প্রতি তাদের আগ্রহ এবং অনুশীলনের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট তিনি।
হামজা বলেন, এখানকার মানুষ অসাধারণ, খুব বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এখানে ফুটবলও অনেক বড় বিষয়। সুযোগ-সুবিধাগুলোও খুব ভালো। তাই শুক্রবার খেলতে নামার জন্য মুখিয়ে আছি
প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কেও বাস্তব ধারণা রয়েছে হামজার। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটির মানসম্পন্ন খেলোয়াড় ও অভিজ্ঞ কোচ রয়েছে বলে মনে করেন তিনি। ভবিষ্যৎ বিশ্বকাপ বাছাইপর্বেও দলটি ভালো করবে বলে প্রত্যাশা তাঁর।
তারা অবশ্যই ভালো র্যাঙ্কিংয়ে আছে। দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, খুব ভালো একজন প্রধান কোচও আছেন। বিশ্বকাপ বাছাইপর্বে তারা বিশ্বকাপে যাওয়ার দৌড়ে থাকবে না, এমনটা হলে আমি অবাক হব। একটি দেশ হিসেবে তারা ফুটবলের ওপর অনেক গুরুত্ব দেয়,’ বলেন হামজা।
এশিয়ান গেমসে মাঠে নামার আগে দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট এই মিডফিল্ডার। অনুশীলনের মাঠকে মানসম্মত ও উপযোগী উল্লেখ করে তিনি বলেন, মাঠগুলো খুব ভালো। অনুশীলনের জন্য মানসম্মত মাঠ পেয়েছি। আমরা উপভোগ করছি। এখনো স্টেডিয়াম দেখিনি, ইনশাআল্লাহ আগামীকাল দেখব। তবে এখন পর্যন্ত অভিযোগ করার মতো কিছুই নেই। হোটেলও অসাধারণ, সবাই খুব বন্ধুত্বপূর্ণ
সব মিলিয়ে আত্মবিশ্বাস নিয়েই এশিয়ান গেমসের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হামজা ও বাংলাদেশ দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভয় নয়, নিজেদের খেলায় মনোযোগ দিয়েই সর্বোচ্চ পয়েন্ট তুলে নেওয়াই এখন তাদের লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদক 

























