আইসক্রিমপ্রেমীদের জন্য রাজধানীতে নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড পোলার। মেট্রোরেল স্টেশনকেন্দ্রিক ‘পোলার চিল স্টেশন’ চালুর মাধ্যমে যাত্রী ও ক্রেতাদের জন্য আইসক্রিম উপভোগের নতুন সুযোগ তৈরি করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশনের ছয়টি পয়েন্টে প্রাথমিকভাবে এসব চিল স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। স্টেশনগুলো হলো—উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এসব কেন্দ্রে পোলারের বিভিন্ন স্বাদের আইসক্রিমের পাশাপাশি আইসক্রিম স্টিক ও কোণও পাওয়া যাচ্ছে।
চিল স্টেশনগুলোতে ক্রেতারা নিজেদের পছন্দের স্বাদের আইসক্রিম বেছে নেওয়ার সুযোগ পাবেন। প্রতি স্কুপ আইসক্রিমের দাম রাখা হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা। প্রচলিত আইসক্রিম বিক্রয়কেন্দ্রের বাইরে মেট্রোরেল স্টেশনে এমন আয়োজনের মাধ্যমে ব্যস্ত নগরজীবনে আইসক্রিম উপভোগের অভিজ্ঞতাকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম বলেন, আইসক্রিমপ্রেমীদের প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে তারা কাজ করছেন। যেকোনো সময় ও যেকোনো জায়গায় গ্রাহকদের সঙ্গে থাকার ভাবনা থেকেই পোলার চিল স্টেশন চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইসক্রিম উপভোগের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে রাজধানীর কয়েকটি মেট্রোরেল স্টেশনে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন স্থানে পোলার চিল স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 





















