মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই) সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) ১৫তম ব্যাচের জন্য আজ (১৯/০৮/২০২৫) থেকে ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছে। মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে এ কোর্সের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম, পেশাগত দায়িত্ব, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, গ্রাহকসেবা, কমপ্লায়েন্স, নেতৃত্বসহ ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন করেন।
এমবিটিআই-এর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জাকির হোসেন, ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ, ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং ডিএমডি ও সিসিও শাহ্ মো. সোহেল খুরশীদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে পেশাদারিত্ব, সততা, শেখার আগ্রহ, সেবা প্রদানের মানসিকতা এবং দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজেদেরকে দায়িত্বশীল ব্যাংকিং পেশাজীবী হিসেবে গড়ে তুলতে এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে অর্থবহ অবদান রাখতে উৎসাহিত করেন। অন্যান্য অতিথিরা তাঁদের বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত করতে ফাউন্ডেশন ট্রেনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব ব্যাংকিং পরিস্থিতিতে প্রয়োগ করার পরামর্শ দেন তাঁরা।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিটিআই ফ্যাকাল্টি শাহিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্যাকাল্টি মোহাম্মদ মিরাজ হোসেন গাজী।

নিজস্ব প্রতিবেদক 





















