মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তাঁদের ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকলে প্রচলিত কেওয়াইসি বিধি পরিপালন সাপেক্ষে হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রের বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষ হলে সেটি নবায়নও করতে হয়।
ওয়ার্ক পারমিটে অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও দেওয়া থাকে। ফলে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে বৈধ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক 























