ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। এর ফলে ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে উঠেছে। সোমবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোববার(৩০ আগস্ট) লারাক দ্বীপে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালানোর পর তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বাজারের তথ্য অনুযায়ী, রাত ১০টা ২ মিনিটে গ্রিনিচ মান সময় পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ২২ সেন্ট বা ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৩২ সেন্টে দাঁড়ায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ২ ডলার ১ সেন্ট বা ২ দশমিক ৪১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ৪১ সেন্ট হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কার মধ্যেই তেলের বাজারে এই মূল্যবৃদ্ধি দেখা গেল। সূত্র: আলজাজিরা

নিজস্ব প্রতিবেদক 






















