মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আসন পাওয়া প্রথম আফগান-আমেরিকান হিসেবে ইতিহাস গড়েছেন ক্যালিফোর্নিয়ার রাজ্য সিনেটর আয়েশা ওয়াহাব। তাকে পরাজিত করতে ইসরায়েলপন্থী মহলগুলোর নেতৃত্বে বিপুল অর্থায়নে প্রচারণা চালানো হলেও নির্বাচনে তিনি জয়ী হয়েছেন।
প্রগতিশীল ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটর আয়েশা ওয়াহাব বৃহস্পতিবার তার অঙ্গরাজ্যের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের হাড্ডাহাড্ডি রানঅফ নির্বাচনে বিজয়ী ঘোষণা হন। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর তার বিজয় নিশ্চিত করা হয়।
এই নির্বাচনী এলাকার মধ্যে ফ্রেমন্ট ও হেওয়ার্ড শহর রয়েছে। এলাকাটি সান জোসের উত্তরে, সান ফ্রান্সিসকো উপসাগরের তীরে অবস্থিত।
জুনের প্রাথমিক নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে না পারায় ওয়াহাব ও তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজ রানঅফ নির্বাচনে মুখোমুখি হন।
৩৯ বছর বয়সী ওয়াহাব এখন ক্যালিফোর্নিয়ার সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের বাকি মেয়াদ পূরণ করবেন। এ বছরের শুরুতে যৌন অসদাচরণের অভিযোগের কারণে সোয়ালওয়েল পদত্যাগ করেন। তার মেয়াদ জানুয়ারিতে শেষ হবে।
তবে নভেম্বরের সাধারণ নির্বাচনেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যাতে প্রতিনিধি পরিষদে নিজের জন্য পূর্ণ দুই বছরের মেয়াদ নিশ্চিত করতে পারেন।
আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক) ওয়াহাবের বিরুদ্ধে আক্রমণাত্মক বিজ্ঞাপনে ২৫ লাখ ডলার ব্যয় করেছে। ওয়াহাব বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে।
আইপ্যাক হার্নান্দেজের পক্ষে প্রচারণা চালিয়েছিল। হার্নান্দেজের অবস্থান হলো, ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার রয়েছে’।
তবে কোনো প্রার্থীই তাদের নির্বাচনী প্রচারণায় ইসরায়েলকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেননি। তাদের প্রচারণার মূল বিষয় ছিল জীবনযাত্রার ব্যয় ও সামর্থ্য।
এর মাত্র দুই সপ্তাহ আগে মিশিগানের মিশরীয়-আমেরিকান আবদুল এল-সায়েদ ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয় পান। তাকে পরাজিত করতে ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠীগুলো ৫ কোটি ডলারের প্রচারণা চালালেও তিনি তা মোকাবিলা করে জয়ী হন।
২০২২ সালে ওয়াহাব ক্যালিফোর্নিয়ার প্রথম আফগান ও মুসলিম রাজ্য সিনেটর হিসেবে নির্বাচিত হন।
তিনি নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তবে ছোটবেলায় তার বাবা-মা দুজনই মারা যাওয়ার পর, বর্তমানে যে নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন, সেখানেই একটি আফগান পরিবার তাকে লালন-পালন করে।

নিজস্ব প্রতিবেদক 


















