শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, “আমরা প্রত্যাশা করি কমিশন যে বাস্তবায়ন আদেশের ড্রাফট প্রস্তুত করছে, সেটি আমাদের সঙ্গে শেয়ার করবে। আমরা সেটি পর্যালোচনা করে নিশ্চিত হয়েই জুলাই সনদে স্বাক্ষর করব।”
আখতার হোসেন আরও বলেন, “কমিশন আমাদের জানিয়েছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন। সেটিকে আমরা অগ্রগতি হিসেবে দেখি। তবে আদেশের বক্তব্য বা কাঠামো এখনো আমাদের জানানো হয়নি—এ কারণেই আমরা এখনো আশাবাদী হতে পারিনি।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো কোনো দলের চাপে কাগুজে দলিল না হয়ে যায়, সে বিষয়ে আমরা কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।”
এনসিপির সদস্য সচিব বলেন, “আমরা চাই জুলাই সনদ একটি আইনি ভিত্তি লাভ করুক। যতক্ষণ পর্যন্ত না সেই আইনি নিশ্চয়তা পাওয়া যাচ্ছে, আমরা আমাদের অবস্থান থেকে সরে যাব না।”
তিনি আরও জানান, “অনেক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও তারা দুই ভাগে বিভক্ত—একটি অংশ সনদ মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আরেকটি অংশ বাস্তবায়ন ঠেকাতে চায়। এনসিপি মনে করে, সনদের পূর্ণ বাস্তবায়নই সংকটের একমাত্র সমাধান।”
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সংলাপে থাকা ৩০টি দল ও জোটের মধ্যে ২৫টি দল সনদে স্বাক্ষর করলেও বাস্তবায়নের রূপরেখা পরিষ্কার না থাকায় এনসিপি তখন সই করেনি।

নিজস্ব প্রতিবেদক 


















