অশ্লীল, আপত্তিকর ভিডিও কাণ্ডে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ-প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ’
সোমবার শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীনুল ইসলাম এটিকে ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে ফ্যাক্ট চেক করে কেন্দ্রীয় ব্যাংক এ ভিডিও সঠিক বলে জানতে পেরেছে। আবার গতকাল তিনি অফিসে আসেননি। এমন সময়ে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো।
এদিকে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর এবং দুইজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ও সংশ্লিষ্ট অন্য বিভাগের কর্মকর্তারা।
মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটি গ্রুপ শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর জন্য গভর্নরকে অনুরোধ জানায়।
এমন এক সময়ে এ ভিডিও কাণ্ড সামনে এসেছে যখন পরিবহন ব্যবসায়ী এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর অ্যাকাউন্ট ফ্রিজের পর সেখান থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে অনৈতিক কিছু হয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত করছে দুদক। বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের তদন্ত দল এসব অভিযোগও খতিয়ে দেখবে।

নিজস্ব প্রতিবেদক 
























